শার্শায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

যশোরের শার্শা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।  নিহত সাহেব আলী (৪০) জেলার ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের উলাকোল গ্রামের আনসার আলীর ছেলে।
 
পুলিশ জানায়, বুধবার সকাল আটটার দিকে উপজেলাধীন নাভারণ-সাতক্ষীরা সড়কের উলাশী এলাকায় ট্রাক ও নছিমনের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোরশেদ (৪২) ও সামসুদ্দিনের ছেলে নছিমন চালক জামির হোসেন (৪১)।
 
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  ট্রাক ও এর চালককে আটকের চেষ্টা চলছে।