জীবননগরে সাত ব্যবসায়ীর অর্থদণ্ড

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরে ভ্রাম্যমাণ আদালত সাত ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও পরিবেশনের দায়ে পাঁচ হোটেল ব্যবসায়ীকে সাত হাজার পাঁচ শ টাকা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে দুই ফার্মেসি মালিককে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
 
বুধবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও নুরুল হাফিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 
 
আদালত সূত্রে জানা গেছে, শহরের বাসস্ট্যান্ডে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে বিসমিল্লাহ হোটেলের স্বত্বাধিকারী খোরশেদ আলম, ভাই ভাই হোটেলের স্বত্বাধিকারী শাজাহান, মিজান হোটেলের স্বসত্বাধিকারী মিজানুর রহমানসহ প্রত্যেককে দুই হাজার পাঁচ শ টাকা করে অর্থদণ্ড এবং আল্লাহর দান হোটেলের স্বত্বাধিকারী হারুন ও জমিরের হোটেলের সত্বাধিকারী জমির হোসেনকে ১০০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।
 
অপরদিকে ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে সহল ফার্মেসির সত্বাধিকারী মিজানুর রহমানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আলম মেডিকেলের স্বত্বাধিকারী ওমেদুল ইসলামকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।
 
তাৎক্ষণিকভাবে প্রত্যেকে অর্থদণ্ড পরিশোধ করেন।