অভাবী সংসার, বাবা অটোরিকশা চালক। পরিবারের একমাত্র ছেলে এবার উচ্চ মাধ্যমিক পাস করে নৌ-বাহিনীতে চাকরির নিয়োগপত্র পেয়েছে। ১ জুলাই খুলনাতে তার যোগদানের কথা। একটি নিম্নবিত্ত পরিবারের সুখের হাতছানির পূর্বক্ষণে ট্রেনের ধাক্কায় সেই সুখ ফানুস হয়ে মিলিয়ে গেছে আকাশে। বুধবার তার মৃত্যু দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দামারপাড়া গ্রামের মানুষকে স্তব্ধ করে দিয়েছে।
জানা গেছে, উপজেলার কাটলা দামারপাড়া গ্রামের অটোরিকশা চালক হায়দার আলীর ছেলে শাহ্নেওয়াজ এবার কাটলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি তিনি নৌ বাহিনীর নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়। আগামী ১ জুলাই খুলনা নৌ ঘাঁটিতে তার যোগদানের কথা ছিল। পরিবারের প্রত্যাশা ছিল এবার তাদের দুঃখ ঘুচবে। এই খুশিতে শাহ্নেওয়াজ কয়েকদিন আগে ঢাকায় বেড়াতে যান। মঙ্গলবার সন্ধায় ঢাকার খিলখেতে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। সেখানে কর্তব্যরত পুলিশ তাকে উদ্ধার করে কুরমিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার সকালে তার লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের মাতম শুরু হয়।