ফরিদপুরের মধুখালী উপজেলায় আতিয়ার রহমান খাঁন হত্যাকাণ্ডের প্রধান আসামি বাগাট উচ্চ বিদ্যালয়ের বিতর্কিত শিক্ষক ইউনুস আলী ফকিরসহ অন্য আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
বুধবার বেলা ১১টায় বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেয়। কর্মসূচি চলাকালে খুলনাগামী বাসের কয়েক শ যাত্রী ও পণ্যবাহী যানবাহন সড়কের দুই পাশে আটকা পড়ে। একই সঙ্গে আসামি আমিরুল ইসলাম, মোশারফ হোসেন মুসা ফকির ও জাহাঙ্গীর হোসেন হানিফকে গ্রেফতার ও ফাঁসির দাবি জানায় তারা।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বাগাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রাজু খান, সহ-সভাপতি মিঠুন দেবনাথ, ছাত্রলীগ নেতা মো. এনামুল হক, উৎস্য ঘোষ, বাগাট উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেটের সভাপতি মো. সালমান বিশ্বাস সাব্বির, সহ-সভাপতি মো. মিরাজ সরদার ও সদস্য মির্জা মো. তরিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও (ও,সি তদন্ত) মো. গোলাম নবী বলেন, ‘মামলার ১ নং আসামি সাবেক চেয়ারম্যান আ. রহিম ফকিরসহ কয়েকজনকে আমরা গ্রেফতার করেছি। পলাতক আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’
উল্লেখ্য, ২৩ এপ্রিল রাতে বাগাট বাজারে বর্তমান আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খাঁনের বড় ভাই মো. আতিয়ার রহমান খাঁনকে শিক্ষক ইউনুস আলী ফকিরসহ বাকি আসামিরা পরিকল্পিতভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের চাচা মো. শাহাদৎ হোসেন খাঁন (লাল) বাদী হয়ে মামলা করেন।