বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার, আটক ৪

রাজশাহীর সাগরপাড়া ও লক্ষ্মীপুর এলাকা থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও ইনজেকশনসহ চার ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। 
 
বুধবার দুপুর ও বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা সরকারি ওষুধ চোর চক্রের সদস্য। এদের মধ্যে মহানগরীর সাগরপাড়ার ভাড়া বাড়ি থেকে মো. বুলু শেখ (৪৫) এবং ওয়াহিদুল ইসলামকে (৪০) আটক করা হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর এলাকার অন্তরা ফার্মেসি থেকে আকরাম পারভেজ (৩০) ও পপুলার ডায়গনস্টিক সেন্টারের নিচ থেকে আবদুল কুদ্দুসকে (৬০) আটক করা হয়। তারা সবাই চোরাই ওষুধ সিন্ডিকেটের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।
 
র‌্যাব-৫-এর রেলওয়ে কলোনি ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোবাশ্বের রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সরকারি ওষুধসহ বুলুকে আটক করা হয়। পরে সরকারি চোরাই ওষুধ উদ্ধারে বুলুকে নিয়ে নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে সরকারি বিভিন্ন ওষুধ ও ইনজেকশন উদ্ধার করা হয়েছে।