প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে জাতীয় সংসদে সরকারি দলের সদস্যরা ২০১৬-১৭ অর্থবছরের বাজেটকে সময়োপযোগী, বাস্তবসম্মত ও শতভাগ বাস্তবায়নযোগ্য উল্লেখ করে বলেছেন, 'এ বাজেট ২০৪১ সালের মধ্যে দেশকে সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্য অর্জনের পথে আরো এগিয়ে নিয়ে যাবে।'
তারা বাজেটকে গণমুখী উল্লেখ করে বলেন, 'সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে এ বাজেটে জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটানো হয়েছে।' বুধবার সকাল ১০টা ৬মিনিটে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন-উত্তর পর্ব শেষে মন্ত্রীদের জন্য প্রশ্ন-জিজ্ঞাসা-উত্তর টেবিলে উপস্থাপন শেষে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়।
গত ২ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট পেশ করেন। ২০১৬-১৭ অর্থবছরের বাজেট আলোচনার ১ম দিনে সরকারি দলের অধ্যাপক মোঃ আলী আশরাফ, পঞ্চানন বিশ্বাস, ইসরাফিল আলম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও স্বতন্ত্র সদস্য তাহজীব আলম সিদ্দিকী অংশ নেন।
আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের এই সদস্যরা বলেন, '২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে দেশ ও দেশের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ নিঃসন্দেহে সমৃদ্ধ দেশে পরিণত হবে। ক্ষমতায় আসার পর থেকে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, পেট্রোল বোমা, অহেতুক হরতাল অবরোধ, নৈরাজ্যসহ নানা প্রতিকূলতা মোকাবেলা করে দেশে ধারাবাহিকভাবে জিডিপি প্রবৃদ্ধি শতকরা ৬ ভাগের ওপর ধারাবাহিকভাবে বজায় রাখা সম্ভব হয়েছে।'
আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বের ফলে আগামী অর্থ বছরে এটা ৭ শতাংশের ওপরে নিয়ে যাওয়া সম্ভব হবে। তার নেতৃত্বে একটি দরিদ্র দেশ হিসাবে পরিচিত বাংলাদেশ যেভাবে দ্রুত উন্নতির দিকে ধাবিত হচ্ছে তাতে আন্তর্জাতিক বিশ্বও বিস্ময় প্রকাশ করেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার জরিপেও বাংলাদেশ যে আগামীতে সমৃদ্ধি অর্জন করবে তার স্বীকৃতি দেয়া হয়েছে সদ্যরা উল্লেখ করেন। খবর- বাসস।