হাইকোর্টের রায় স্থগিত করেনি আপিল বিভাগ

 
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের জন্য গঠিত বিশেষ কমিটি অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেনি আপিল বিভাগ। এছাড়া দেশের বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি পদে জাতীয় সংসদ সদস্যগণের (এমপি) না থাকার বিষয়ে দেয়া রায়ও বহাল রেখেছে আদালত। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদনের সংক্ষিপ্ত শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার গতকাল বুধবার এই আদেশ দেন। একইসঙ্গে স্থগিত আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়েছে। আগামী ১২ জুন প্রধান বিচারপতির বেঞ্চে ওই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
 
গত ১ জুন হাইকোর্ট এক রায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডিতে এমপিদের নিয়োগ সংক্রান্ত প্র-বিধানমালার ৫(২) ধারা এবং বিশেষ কমিটি গঠন সংক্রান্ত ৫০ ধারা অবৈধ ঘোষণা করে। একইসঙ্গে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপির নেতৃত্বাধীন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের বিশেষ কমিটি অবৈধ ও বাতিল ঘোষণা করে। আদালত ভিকারুননিসার বিশেষ কমিটি বাতিল করে অন্তর্বর্তীকালীন একটি অ্যাডহক কমিটি গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়। ওই অ্যাডহক কমিটিকে ৬ মাসের মধ্যে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন সম্পন্ন করতেও বলা হয়। এই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন রাশেদ খান মেনন এমপি ও শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সুফিয়া খাতুন। আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং রিটকারী পক্ষে ইউনূস আলী আকন্দ শুনানি করেন। শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত না করে আবেদনটি শুনানির জন্য প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেয়।
 
বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্র-বিধানমালা-২০০৯ এর এই দুটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন আইনজীবী ইউনূস আলী আকন্দ।