'উড়তা পাঞ্জাব' বেশ উত্তেজনা ছড়াচ্ছে বলিউড পাড়ায়। এতদিন চলচ্চিত্রটির পরিচালক ও প্রযোজকের সঙ্গে ভারতের ফিল্ম সেন্সর বোর্ডের ঝামেলার কথা জানা গেলেও, সেখানে এবার সরাসরি চলে এসেছে কেন্দ্রীয় রাজনীতি ও বলিউড তারকাদের আলোচনা।
চলচ্চিত্রটির পরিচালক ও প্রযোজক আগে থেকেই দাবি করে আসছিল, ভারতীয় সেন্সর বোর্ড কেন্দ্রীয় নেতাদের খুশি রাখতেই চলচ্চিত্রটি মুক্তি হতে দিচ্ছে না। এবার তাদের সঙ্গে সঙ্গে ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ডের পক্ষপাত মূলক আচরণের দিকে আঙ্গুল তুললেন আরো বেশ কিছু বলিউড তারকা।
এদিকে বরাবরের মতই ভারতীয় সেন্সর বোর্ডের প্রধান পহেলাজ নেহলানি এ অভিযোগ অস্বীকার করে আসছেন। সম্প্রতি তিনি দেশটির গণমাধ্যমকে জানান, 'প্রযোজক অনুরাগ কাশ্যপ আম আদমি পার্টির থেকে টাকা নিয়ে ছবিটির মাধ্যমে পাঞ্জাবকে বদনাম করতে চাইছে।'
তার এই মন্তব্যের পর সমালোচনার ঝড় আরো তীব্র হয়েছে। কিন্তু কিছুতেই নিজেদের অবস্থান থেকে সড়তে রাজি নয় ফিল্ম সেন্সর বোর্ডের এই প্রধান। উল্টো উড়তা পাঞ্জাবের পরিচালক অভিষেক চুবে ও প্রযোজকদের আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন নেহলানি। জি নিউজ।