আজ শেষ হচ্ছে একাদশে ভর্তির আবেদন

 
একাদশ শ্রেণিতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি আবেদনের সময় শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। অনলাইন ও এসএমএসের মাধ্যমে এ ভর্তি আবেদন শুরু হয় গত ২৬ মে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১১ লাখ ৯৬ হাজার ২৮০ জন শিক্ষার্থী ৪১ লাখ ৭২ হাজার ৩৪৭টি আবেদন করেছে। এতে শিক্ষার্থীদের গড় আবেদনের সংখ্যা ৩ দশমিক ৪৮। অর্থাৎ একজন শিক্ষার্থী তিন থেকে চারটি কলেজ পছন্দ করেছে। 
 
একজন শিক্ষার্থীর জন্য অনলাইনে ১০ কলেজ ও এসএমএসে ১০ কলেজ পছন্দের সুযোগ রাখা হয়। একটি কলেজ পছন্দকেই একটি আবেদন হিসেবে গণ্য করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. আশফাকুস সালেহীন বলেন, ‘এবার ২০টি কলেজে আবেদনের সুযোগ রাখা হলেও শিক্ষার্থীরা ১০টিই পছন্দ করছে না। আর মেধাবীদের সবার পছন্দের কলেজ প্রায় একই। তাই যারা কম কলেজ পছন্দ করেছে তারা যদি ভর্তির সুযোগ না পায় তাহলে সমস্যা হয়ে যাবে। এমনকি বাদ পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে।’ 
 
আশফাকুস সালেহীন বলেন, ‘আমি অনুরোধ করব, এখনো সময় আছে, সবাই যেন অন্তত ১০টি কলেজ পছন্দ করে। তাহলে ভয় থাকবে না। আর যারা তিন-চারটি কলেজ পছন্দ করে আবেদন জমা দিয়েছে, তাদের আবারও অনলাইনে ঢোকার সুযোগ রয়েছে। তারা যেন আবারও ওয়েবসাইটে ঢুকে ১০টি কলেজ পছন্দ করে।’