সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত সাইদুর রহমান হিমেল (১৩) উপজেলার কটালপুরের ফকিরপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার সকালে উপজেলার কটালপুর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। সকাল নয়টায় তার খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটার দিকে ওই কিশোর রেল লাইন ধরে হাঁটছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
নিহত কিশোরের বাবা জানায়, সে মানসিক প্রতিবন্ধী ছিল।
সিলেট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।