মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রশ্ন রেখেছেন, যুবকদের জন্য, মহিলাদের জন্য যদি অধিদপ্তর থাকতে পারে, শিশুদের জন্য কেন নয়?
তিনি বলেন, শিশুদের জন্য অধিদপ্তর চাওয়া বড় বেশি কিছু নয়। আমরা শিশুদের উন্নয়ন যতবেশি করতে পারব, দেশও ততবেশি উন্নত হবে।
আজ বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে পৃথক শিশু অধিদপ্তর গঠনের বিষয়ে নাগরিক সমাজের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সভার আয়োজন করে চিল্ড্রেন রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ।
এতে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয় মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম।
স্বাগত বক্তৃতা দেন সেভ দ্য চিল্ড্রেনের পরিচালক হান্টা গ্রাস। বিষয়ভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন সেভ দ্য চিল্ড্রেনের কর্মকর্তা মামুনুর রশীদ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন ইমরানুল হক, মানবাধিকার কর্মী আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
প্রতিমন্ত্রী চুমকি বলেন, শিশু অধিদপ্তরের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা হয়েছে। তিনিও অধিদপ্তর গঠনের পক্ষে মত দিয়েছেন।
বর্তমান সরকার শিশুদের উন্নয়নের জন্য বিশেষভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের দূরদর্শিতা ও সময়োপযোগী সিদ্ধান্তের কারণেই শিক্ষায় শিশুর হার বেড়েছে, স্বাস্থ্যসেবার উন্নয়ন হয়েছে, মৃত্যুহার কমেছে ও ঝুঁকিপূর্ণ কাজে শিশুর ব্যবহার কমে এসেছে। সেই ধারাবাহিকতায় শিশুদের জন্য পৃথক বাজেট প্রণয়ন করা হয়েছে বলে তিনি জানান।
বাসস।