শিক্ষক লাঞ্ছনা: ৪ অগাস্টের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ

নারায়ণগঞ্জে স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনার প্রতিবেদন হলফনামা আকারে আগামী ৪ অগাস্ট দাখিল করতে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
 
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। বিষয়টি আগামী ৭ অগাস্ট পরবর্তী আদেশের জন্য আবার তালিকায় আসবে বলে আদালতের উক্ত আদেশে বলা হয়।
 
এর আগে ওই ঘটনার তদন্ত সংক্রান্ত বিষয়ে অগ্রগতির কথা জানিয়ে প্রতিবেদন দাখিলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার ও বন্দর থানার ওসি গতকাল বুধবার ৬০ দিন সময় চেয়ে আবেদন করে। বৃহস্পতিবার সে আবেদনের সঙ্গে জেলা প্রশাসনের প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন ডেপুটি এটর্নি জেনারেল মোতাহার হোসেন। পরে আদালত জেলা প্রশাসনের প্রতিবেদন নথিভুক্ত করে পুলিশকে প্রতিবেদন দাখিলে ৪ অগাস্ট দিন ঠিক করে আদেশ দেয় বলে সূত্র জানায়।
 
নারায়ণগঞ্জে স্কুল শিক্ষককে কান ধরে উঠবস করে লাঞ্ছিত করার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানসহ জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে গত ১৮ মে রুল জারি করে এ আদালত। একইসঙ্গে এই ঘটনায় কি পদক্ষেপ নেয়া হয়েছে তা সংশ্লিষ্টদের প্রতি আদালতকে জানাতে বলা হয়। সাবেক অতিরিক্ত এটর্নি জেনারেল এম কে রহমান ও সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ শিক্ষক লাঞ্ছনার ঘটনায় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন ওইদিন আদালতে উপস্থাপন করেন। এরপর আদালত স্ব:প্রণোদিত হয়ে রুল জারি করে।