ম্যাচ পরিত্যক্ত হওয়ায় খুশি ব্রাদার্স

উইকেট ও আউটফিল্ড ভেজা থাকায় বুধবার দুপুরে ব্রাদার্স ও রূপগঞ্জের ম্যাচ স্থগিত করেছিলেন ম্যাচ অফিসিয়ালরা। একই ঘটনা বৃহস্পতিবার রিজার্ভ ডে-তেও তাই এদিনও ম্যাচ পরিত্যক্ত হয়। ফলে পয়েন্ট ভাগাভাগি করার সুযোগ পেয়েছে দুই দল।
 
আর এই ঘোষণায় ব্রাদার্স কর্মকর্তাদের চোখে-মুখে ছিল হাসি, প্রাপ্তির আনন্দ। অথচ ম্যাচটি মাঠে গড়ালে এ আনন্দ ভেস্তে যেতে পারত দলটির! ১ পয়েন্ট পাওয়ায় রূপগঞ্জের আহামরি কোনও উল্লাস নেই। কিন্তু ব্রাদার্স শিবিরে ছিল আনন্দের বন্যা। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রেলিগেশন রাউন্ডের দ্বারপ্রান্তে ছিল ব্রাদার্স।
 
বৃহস্পতিবারের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ব্রাদার্স পেয়েছে ১ পয়েন্ট। ফলে ৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ নিশ্চিত হয়ে গেছে ব্রাদার্সের। এছাড়া সরাসরি প্রথম বিভাগে নেমে গেছে কলাবাগান ক্রিকেট একাডেমি ও সিসিএস।