পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, 'অর্থনৈতিকক্ষেত্রে আমাদের অভাবনীয় অগ্রগতিকে আগামীতে আরও এগিয়ে নিতে এডিপির সুষ্ঠু বাস্তবায়ন অপরিহার্য।'
তিনি প্রকল্প বাস্তবায়নে দক্ষ টিম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, 'প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে দক্ষ ও যোগ্য ও বিষয় ভিত্তিক কর্মকর্তা নিয়োগে সংশ্লিষ্টদের যত্নশীলতার ওপর প্রকল্পের ভবিষ্যৎ সফলতার বিষয়টি জড়িত।
মন্ত্রী কারিগরি অনেক প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টক্ষেত্রে কারিগরি জ্ঞানসম্পন্ন জনবল নিয়োগের পরামর্শ দেন। চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে সকল মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও সিনিয়র সচিববৃন্দের সাথে বৃহস্পতিবার এক পর্যালোচনা বৈঠকে রাজধানীর শেরে-বাংলানগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিকল্পনা মন্ত্রী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং পরিকল্পনা সচিব তারিক-উল ইসলাম বক্তৃতা করেন।
দক্ষ জনবল পাওয়া না গেলে প্রয়োজনে আউট সোর্সিয়ের ব্যবস্থা করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী বলেন, 'সরকার বেশ কিছু ম্যাগা প্রকল্প গ্রহণ করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা বৃদ্ধি করতে হবে, সততার সাথে কাজ করতে হবে।'
তিনি বলেন, 'মতারবাড়ীসহ সরকারের নেয় ম্যাগাপ্রকল্পগুলি বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি পাল্টে যাবে।' কাজের পরিধি অনেক বেড়ে গেছে এ জন্য সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, 'দেশের অগ্রগতির অগ্রযাত্রা বেগবান করতে প্রকল্পসমূহের সফল বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।'
বৈঠকে পরিকল্পনা মন্ত্রী চলতি অর্থবছরের এডিপি বাস্তবায়নের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে স্ব-স্ব মন্ত্রণালয় ও বিভাগসমূহের সচিব ও সিনিয়র সচিববৃন্দের কাছে জানতে চান। সচিবরা এসময় নিজ নিজ মন্ত্রণালয় এবং বিভাগের এডিপি বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি বিস্তারিতভাবে তুলে ধরেন। তারা সকলেই চলতি অর্থবছরের এডিপি বাস্তবায়নের আশানুরূপ অগ্রগতি অর্জিত হয়েছে বলে মন্ত্রীকে অবহিত করেন। এডিপি অগ্রগতির বিষয়ে প্রাপ্ত হিসেবে অনুযায়ী চলতি অর্থবছরের এডিপি বাস্তবায়ন বিগত চার অর্থবছরের তুলনায় কোনভাবেই কম হবে না মর্মে ধারণা করা হচ্ছে।
আইএমইডি সচিব ফরিদ উদ্দিন আহমদ, পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক শামসুল আলম, খোরশেদ আলম চৌধুরী, এ এন এম শামসুদ্দিন আজাদ চৌধুরী, আবদুল মান্নান, জুয়নো আজজি এবং পরিসংখ্যান বিভাগের সচিব কেএম মোজাম্মেল হক সভায় উপস্থিত ছিলেন । খবর- বাসস।