একাদশে ভর্তি আবেদনের সময় বাড়লো ১০ ঘণ্টা

 
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনের সময় ১০ ঘণ্টা বাড়িয়েছে বোর্ড কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ভর্তির আবেদন করতে পারবেন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিটে এই আবেদনের সময় শেষ হওয়ার কথা থাকলেও তা আর ১০ ঘণ্টা বাড়ানো হলো।
 
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তরফ থেকে এই সময় বাড়ানোর খবর জানানো হয়।
 
বোর্ড জানায়, প্রায় ছয় হাজার শিক্ষার্থীর আবেদনপত্র জমা পড়েনি অথচ তারা আবেদন ফি জমা দিয়েছে। এ কারণেই  বিশেষ বিবেচনায় সময় বাড়ানো হলো।
 
বৃহস্পতিবার রাত পর্যন্ত মোট ১২ লাখ ৮৫ হাজার ৪০৩ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আবেদন জমা পড়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।