২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস দাবিতে সড়ক অবরোধ

 
গার্মেন্টস শ্রমিকদের চলতি মাসের বেতন-ভাতা ও ঈদ বোনাস ২০ রমজানের মধ্যে দেয়ার দাবিতে প্রায় ২০ মিনিট সড়ক অবরোধ করেছে সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সড়ক অবরোধ করে তারা।
 
মানববন্ধনে বক্তারা বলেন, রমজান মাসে অতিরিক্ত প্রডাকশনের ও দীর্ঘ কর্ম ঘণ্টার এক অমানবিক চাপের সম্মুখীন হতে হয় শ্রমিকদের। অধিকাংশ কারখানা ঈদের আগের মাস থেকে সাপ্তাহিক ছুটির দিনে বে-আইনিভাবে ডিউটি করানো হয়।
 
এবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার আগে শ্রমিকরা যেন জুন মাসের পূর্ণ বেতন ও অভার টাইম পেতে পারে সে বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গার্মেন্টস শিল্প কঠোর নজরদারির মধ্যে রাখতে আহ্বান জানায় তারা।