সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর বেঁড়িবাধ সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আইলা দুর্গত পদ্মপুকুর ইউনিয়নবাসী।
শুক্রবার সকাল সাড়ে নয়টায় উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি গ্রামে ভাঙ্গন কবলিত বেঁড়িবাধের উপর স্থানীয় একতা যুব সংঘ ও ইউনিয়ন পরিষদ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচিতে সংগঠনটির সভাপতি উত্তর কুমার মন্ডলের সভাপতিত্বে পদ্মপুকুর ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট আতাউর রহমান, ইউপি সদস্য আব্দুর গফুর, ইউপি সদস্য আজিজুল ইসলাম, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন, প্রধান শিক্ষক পুলিন চন্দ্র মন্ডল, শিক্ষক অসীম কুমার মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা আরো বলেন, এখন জিআই বালু ভর্তি বস্তা ফেলে ডামপিং করে বেঁড়িবাধ সংস্কার করা হলে সরকারের ২০ থেকে ৩০ লাখ টাকা খরচ হবে। কিন্তু বাঁধ ভেঙে প্লাবিত হলে তা সংস্কার করতে সরকারের কয়েক কোটি টাকা খরচ হবে।
বক্তারা এ সময় অবিলম্বে বাঁধ সংস্কারের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
বক্তারা বলেন, আইলার পর সাত বছর পেরিয়ে গেলেও উপকূলবাসীকে রক্ষায় আজও স্থায়ী কোন বেঁড়িবাধ নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি। এতে উপকূলবাসী প্রতিনিয়ত হুমকির মুখে জীবনযাপন করছেন। আইলা দুর্গত দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুরের কামালকাটি, ঝাপা, পাতাখালী ও বন্যতলা গ্রামের কয়েক কিলোমিটার এলাকার বেঁড়িবাধে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। বাধ ভেঙে গেলে প্লাবিত হবে পদ্মপুকুর ইউনিয়নের সাত হাজার পরিবার, কয়েক হাজার বিঘা মৎস্য ঘের। ম্লান হয়ে যাবে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড। অকেজো হয়ে পড়বে কয়েক হাজার কোটি টাকার সরকারি অবকাঠামো।