বিএনপি জঙ্গিবাদকে সব সময় ঘৃণা করে: মওদুদ আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ দাবি করেছেন, 'তাদের দল বিএনপি জঙ্গিবাদ-উগ্রবাদকে সব সময় ঘৃণা করে। তাদের অবস্থান সব সময় জঙ্গিবাদের বিরুদ্ধে। এ অবস্থান অতীতেও ছিলো, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।'
 
তিনি শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিশ্বখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর মৃত্যুতে বিএনপি এ স্মরণ সভার আয়োজন করে।
 
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা কর্নেল (অব.) আব্দুল লতিফ, মুষ্টিযোদ্ধা গিয়াস উদ্দিন, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক প্রমুখ।
 
ব্যারিস্টার মওদুদ আহমদ অনুষ্ঠানে আরও বলেন, 'দেশে জঙ্গিবাদ উত্থানের অন্যতম কারণ হচ্ছে গণতন্ত্রের অনুপস্থিতি।' দেশে আজ মানুষের গণতান্ত্রিক অধিকার নেই দাবি করে তিনি বলেন, 'এখন দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই। বিচার বিভাগ, প্রশাসন, পাবলিক সার্ভিস কমিশন ও নির্বাচন কমিশনের স্বাধীনতাও নেই। সে কারণে আজকে রাজনীতিতে একটি শূন্যতা বিরাজ করছে। যারা এক্সট্রিম চিন্তা করছে, তারাই এর সুযোগ নিচ্ছে। উগ্রবাদের সৃষ্টি হচ্ছে।'
 
সাবেক এই আইন মন্ত্রী সরকারি দলের উদ্দেশ্যে বলেন, 'অবিলম্বে গণতন্ত্র ফিরিয়ে দিন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করে বিদ্যমান শূন্যতা পূরণ করার চেষ্টা করুন। এই উদ্যোগে আমরা সব সময় আপনাদের পাশে থাকব।'