শুক্রবার পর্দা উঠছে ইউরোর

শুক্রবার রাতে পর্দা উঠছে ইউরোপের সবচেয়ে বড় ফুটবল আসরের। ১৫তম ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর ইউরোর উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে রোমানিয়া।
 
ন্যাশনাল স্টেডিয়াম স্ট্যাড ডি ফ্রান্স এ ফ্রান্স-রোমানিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর সবচেয়ে জনপ্রিয় এ টুর্নামেন্ট উপভোগ করবেন দর্শকরা। বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।
 
‘এ’ গ্রুপের অপর ম্যাচে শনিবার সন্ধ্যা ৭টায় আলবেনিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।
 
স্বাগতিক হওয়ার সুবাদে এবারের আসরের অন্যতম ফেভারিট ফ্রান্স। দু’বারের ইউরো চ্যাম্পিয়নদের সামনে এবার তৃতীয় শিরোপার চ্যালেঞ্জ। সবশেষ ২০০০ আসরে বর্তমান কোচ দেশমসের নেতৃত্বে শিরোপা উল্লাসে মেতেছিল ৯৮’র বিশ্ব চ্যাম্পিয়নরা।
 
নিয়মিত অধিনায়ক করিম বেনজেমার অনুপস্থিতিতে সত্ত্বেও আক্রমণভাগে বিশ্বমানের সব ফরোয়ার্ড পাচ্ছেন দেশমস। সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনার সঙ্গে প্রতারণার অভিযোগে আইনি তদন্ত চলার কারণে ইউরো স্কোয়াডেই সুযোগ পাননি রিয়াল মাদ্রিদ তারকা।
 
প্রীতি ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ইউরোর শেষ প্রস্তুতি সেরে নেয় স্বাগতিকরা। রোমানিয়ার বিপক্ষে সবশেষ ১০ ম্যাচে অপরাজেয় ফ্রান্স। তবে শেষ পাঁচবারের দেখায় চারটিই ড্রয়ের মুখ দেখে।