দেশে চলমান গুপ্তহত্যার প্রতিবাদে আগামী ১৯ জুন বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত রাজধানীসহ সারাদেশে ১ ঘন্টা মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। এছাড়া ঈদুল ফিতরের পর সারাদেশের গ্রামে-গঞ্জে ১৪ দল টিম করে লাগামহীনভাবে এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করবে।
শুক্রবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, দেশে চলমান গুপ্তহত্যায় জড়িতদের রক্ষার্থে বিএনপি নেত্রী খালেদা জিয়া ঘোমটা খুলে নেমেছেন, তিনি খুনিদের প্রটেকশন দিচ্ছেন। মন্ত্রী বলেন, অত্যন্ত কাপুরুষিতভাবে গুপ্তহত্যাগুলো ঘটানো হচ্ছে। অশুভ লক্ষ্য অর্জনের জন্যই পরিকল্পিতভাবে এ ঘটনাগুলো ঘটানো হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যখন আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে। আন্তর্জাতিক সম্মেলনগুলোতে শেখ হাসিনা যখন গুরুত্ব পাচ্ছেন; সৌদি আরবের বিষয়ে অনেক প্রশ্ন ছিল, সে সৌদি আরবও শেখ হাসিনাকে যে মর্যাদা দিয়েছে, তাতে প্রমাণিত হয়েছে যে, শেখ হাসিনা সরকার নতুন দিগন্ত সৃষ্টি করেছে। তিনি বলেন, আর দেশ যখন উন্নয়ন ও প্রবৃদ্ধির দিকে এগুচ্ছে, শান্তির দ্বীপে পরিণত হতে যাচ্ছে। তখন সুপরিকল্পিতভাবে একের পর এক হত্যাকা্ল ঘটানো হচ্ছে।
মোহাম্মদ নাসিম বলেন, খালেদা বলেছেন আওয়ামী লীগের নেতারা নাকি হত্যাকা্লের সাথে জড়িত। এর মাধ্যমে তিনি খুনীদের প্রকাশ্যে প্রটেকশন দিচ্ছেন। তার এ চরিত্র নতুন নয়। এর আগে তিনি এবং তার স্বামী যুদ্ধাপরাধীদের রক্ষা করতে সব কিছু করেছিলেন। তিনি বলেন, খালেদা জিয়া নগ্নভাবে, ঘোমটা খুলে নিয়েছেন খুনীদের রক্ষা করতে। যারা মারা গেছেন, তাদের পরিবারকে সমবেদনা না জানিয়ে খুনীদের তিনি প্রশ্রয় দিচ্ছেন। এর নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। মোহাম্মদ নাসিম বলেন, যারা ভাবছেন এসব ঘটনার পর আমরা আপোষ করবো, তারা বোকার স্বর্গে বাস করছেন। কারণ শেখ হাসিনা আপোস করেন না।