রায়পুরে গৃহবধুকে হত্যা, স্বামীর দাবি আত্মহত্যা

লক্ষ্মীপুরের রায়পুরে যৌতুকের দাবিতে লাকী আক্তার (৪০) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। শুক্রবার রাত ৯ টার দিকে পৌর শহরের ২নং ওয়ার্ডের মোল্লার হাট এলাকার স্বামীর বাড়ীতে এঘটনায় ঘটে। তবে নিহতের স্বামী জাহাঙ্গীর দাবি করেন পারিবারিক কলহের জের ধরে বিষপানে আত্মহত্যা করে তার স্ত্রী। নিহত লাকী উপজেলার পূর্ব পানপাড়া এলাকার মৃত তছলিমের মেয়ে।
নিহতের চাচা সহিদ মেম্বার বলেন, প্রায় ৮ বছর আগে পারিবারিক ভাবে মেয়েটির বিয়ে হয়। পরে লাকীর বাবা মারা যাওয়ার পর থেকে স্বামীর বাড়ীর লোকজন প্রায় সময় যৌতুকের জন্য তাকে খুব নির্যাতন করতো। সর্বশেষ লাকীকে শুক্রবার সন্ধ্যায় পরিকল্পিত ভাবে হত্যা করে মুখে বিষ দিয়ে আত্মহত্যার প্রচার করে স্বামী ও শাশুড়ি।
খবর শুনে নিহতের ভাই মাসুদ ওই বাড়ীতে গিয়ে ঘটনার প্রতিবাদ করতে গেলে তারা মাসুদকে বেদম মারধর করে তাড়িয়ে দেয় এবং বোনের মতো হত্যার হুমকি দিয়ে। এঘটনার সুস্থ বিচার দাবি করে নিহতের পরিবারের লোকজন।
 
তবে অভিযোগ অস্বীকার করে স্বামী জাহাঙ্গীর ও বাড়ীর লোকজন বলেন, সন্ধ্যায় তার মায়ের সঙ্গে কথা কাটাকাটি হলে লাকী পরিবারের সবার অগোচরে গিয়ে বিষপান করে আত্মহত্যা করে।
 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করে। এসময় লাশের পাশ থেকে একটি বিষের বোতলও উদ্ধার করে হয়েছে। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষপান করেই আত্মহত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে আইনগ ব্যবস্থা নেওয়া হবে।