নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় খাদিজা আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০টায় মুসলিমনগর এতিমখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চালকসহ অটোরিকশা আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
নিহত শিশু খাদিজা আক্তার কিশোরগঞ্জের বেলকুচি থানার মিটোয়ানী গ্রামের ওয়ারেছ আলীর মেয়ে। তারা ফতুল্লার মুসলিমনগর এলাকার হাজী আফাজ উদ্দিনের ভাড়াটিয়া বাসায় থাকে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা-২ জানান, শিশুটি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির অটোরিকশার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।