নিখোঁজের চারদিন পর মৃতদেহ উদ্ধার, আটক ৫

নিখোঁজ হওয়ার চারদিন পর নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া আনন্দ বাজার গ্রামে মাটির নিচ থেকে মো তুহিন (৩৬) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ৫জনকে আটক করা হয়েছে। মৃত তুহিন ওই গ্রামের আবুল সরদারের ছেলে।
 
আটককৃতরা হলেন- একই গ্রামের মো শুকরা (২৮), হাসেন আলী (৩৮), মো: শাহীন (২৭), হাসনা বেগম (৩১) ও মোছা: বন্যা (২৬) নামে পাঁচজনকে আটক করা হয়েছে।
 
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে ২০ হাজার টাকা নিয়ে গরু কেনার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন তুহিন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। শুক্রবার সন্ধ্যায় সন্দেহভাজন হিসেবে একই গ্রামের হাসেন আলী, মো: শুকরা ও মো: শাহীনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক আজ শনিবার সকালে হাসেন আলীর বাড়ি থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় তুহিনের মৃতদেহ উদ্ধার করা হয়। হত্যা ও মৃতদেহ গুম করতে সাহায্য করায় হাসনা ও বন্যাকে আটক করা হয়।
 
ওসি আরো জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। টাকা কেন্দ্র করে তুহিনকে অপহরণ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।