নিত্যরঞ্জনের শেষকৃত্য সম্পন্ন

 
পাবনায় ঠাকুর অনুকুল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমের ঋত্বিক নিত্যরঞ্জন পাণ্ডের মরদেহের শেষকৃত্য তার গোপালগঞ্জ সদর উপজেলার আড়ুয়া কংশুর গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে।শনিবার সকাল ১১টার দিকে সত্সঙ্গের ধর্মীয় আচার-আচরণ মেনে শোকাবহ পরিবেশে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
 
এর আগে শুক্রবার মধ্যরাতে পাবনা থেকে পুলিশ পাহারায় নিত্যরঞ্জন পাণ্ডের মরদেহ আড়ুয়া কংশুর গ্রামের বাড়িতে আনা হয়। সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তার মরদেহ সমাহিত করা হয়। এ সময় পাবনা সৎসঙ্গের কর্মী অনিশ চন্দ্র ঢালী, সত্সঙ্গের লাইব্রেরিয়ান ঋত্বিক হৃদ্বিমান সাহা, পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান, পরিবারের সদস্য, স্বজনসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
নিত্যরঞ্জন পাণ্ডের স্ত্রী দুলু রানী পাণ্ডে বলেন, আমার স্বামী সৎ, নিরীহ ও ধার্মিক ছিলেন। গ্রামে ও পাবনার কর্মস্থলে তার কোন শত্রু ছিলো না। তারপরও তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি প্রধানমন্ত্রীর কাছে এ হত্যাকাণ্ডের বিচার চাই।
 
অন্যদিকে নিত্যরঞ্জন পাণ্ডে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে শনিবার সকালে মুকসুদপুর উপজেলার বানিয়ারচরে সত্সঙ্গের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি চলে। মানববন্ধন চলাকালে সত্সঙ্গের সদস্য প্রেম শুখ দত্ত, সুনীল বিশ্বাস, অমৃত ঢালী, শ্যামল বিশ্বাসসহ আরো অনেকে বক্তব্য রাখেন। বক্তারা প্রধানমন্ত্রীর কাছে সম্প্রতিকালের পুরোহিত, সেবাইত ও সেবকসহ সকল হত্যার বিচার দাবি করেন। তারা সন্ত্রাসী চক্রকে প্রতিহত করে পুরোহিত ও সেবকদের নিরাপত্তা দেয়ার আহবান জানান।