আবারো পেছালো আওয়ামী লীগের জাতীয় সম্মেলন

 
আবারো পেছালো আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের তারিখ। নতুন সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ ও ২৩ অক্টোবর। এর আগে আগামী ১০ ও ১১ জুলাই সম্মেলন হওয়ার কথা ছিল।
 
শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে বর্তমান কমিটির মেয়াদ ছয় মাস বৃদ্ধি করা হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
 
চলতি জুন মাসেই কমিটির বর্ধিত মেয়াদ শেষ হওয়ার কথা। গত ডিসেম্বরে একবার কমিটির মেয়াদ ছয় মাস বৃদ্ধি করা হয়েছিল।
 

আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালের ডিসেম্বরে। সে অনুযায়ী গত বছরের ২৯ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর তিন মাস বাড়িয়ে গত ৯ জানুয়ারি দলের কার্যনির্বাহী বৈঠকে কাউন্সিলের জন্য ২৮ মার্চ তারিখ নির্ধারণ করা হয়। এ সময় স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সম্মেলনের তারিখ পিছিয়ে ১০ ও ১১ জুলাই নির্ধারণ করা হয়।