গত সপ্তাহেই বিশ্বকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন বক্সিং কিংবদন্তি মুহাম্মদ আলী। বিশ্বজুড়েই তাকে সম্মান জানাচ্ছে বিভিন্ন শ্রেণী-পেশার মানু।
এবার প্রয়াত এ তারকার স্মরণে ‘ক্রিকেটের মক্কা’ খ্যাত লর্ডসে বিশেষ সমবেদনা জানালেন ক্রিকেট কিংবদন্তী স্যার গ্যারিফিল্ড সোবার্স। ম্যাচটির দ্বিতীয় সেশন শুরু হওয়ার পাঁচ মিনিট পরে ৭৯ বছর বয়সী সোবার্স লর্ডসের ঘণ্টা বাজিয়ে আলীর প্রতি বিশেষ সমবেদনা জানান।
১৯৬৬ সালে এই লর্ডসেই এই দুই আইকনের সাক্ষাৎ হয়। সেবার ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে ইংল্যান্ডে টেস্ট ম্যাচ খেলতে এসেছিলেন সোবার্স। আর হেভিওয়েট চ্যাম্পিয়ন আলী দ্বিতীয়বারের মতো লড়তে এসেছিলেন ব্রিটেনের হেনরি কুপারের সঙ্গে।
লর্ডসে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে আলী ও সোবার্সের একটি স্থিরচিত্র দেখানো হয়। যেখানে দেখা যায় সাদা-কালো একটি ছবিতে সোবার্স ও আলী ড্রেসিংরুমে বসে গল্প করছিলেন।