ডি মারিয়ার ইনজুরিতে চিন্তিত মার্টিনো

কোপা আমেরিকা ফুটবলে ‘ডি’ গ্রুপে পানামার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ায় ম্যাচগুলোয় ডি মারিয়ার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। দলের অন্যতম সেরা খেলোয়াড়ের ইনজুরিতে চিন্তায় পড়ে গেছেন আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো। 
 
পানামার বিপক্ষে শুরুটা দুর্দান্তই করে আর্জেন্টিনা। ম্যাচের ৭ মিনিটেই গোল পেয়ে যায় তারা। এই গোলের পেছনে মূল অবদান রাখেন ডি মারিয়া। তার যোগান দেয়া বল গোলে পরিণত করেন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্দি। এরপরও প্রতিপক্ষের সীমানায় আক্রমণ শানানোতে ব্যস্তই ছিলেন ডি মারিয়া। কিন্তু দুর্ভাগ্য তার। প্রথমার্ধের খেলা শেষ হবার ২ মিনিট আগে ইনজুরিতে পড়েন তিনি। ফলে মাঠ ছাড়তে হয় তাকে। 
 
ম্যাচ শেষে ডি মারিয়ার ইনজুরি নিয়ে কোচ মার্টিনো বলেন, ‘স্ক্যান করানোর পর বুঝা যাবে তার ইনজুরির অবস্থা কোন পর্যায়ে আছে। তবে তাকে দলে পাবার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো। আগামী বুধবার গ্রুপের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অধিনায়ক লিওনেল মেসির হ্যাটট্রিকে পানামাকে ৫-০ গোলে হারায় আর্জেন্টিনা। গোল.কম।