ফেডারেশন কাপের প্রথম দিনই দুটি অঘটন দেখলো। মোহামেডান করলো ড্র আর আবাহনী তো হেরেই বসলো। শুক্রবার জাতীয় দলের সাত খেলোয়াড় সমৃদ্ধ শক্তিশালী আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে আরামবাগ।
এদিন খেলার ২৫ মিনিটেই আবাহনীকে চমকে দেন আরামবাগ মিডফিল্ডার মো. আবদুল্লাহ। মাঝমাঠ থেকে সম্মিলিত আক্রমণের পর বক্সের ওপরে বল পেয়ে যান নাইজেরিয়ান ফরোয়ার্ড কেস্টার একন। শরীরের মোচড়ে তিনি বেরিয়ে যান দুই ডিফেন্ডার ওয়ালি ফয়সাল ও তপু বর্মনের রক্ষণব্যূহ থেকে। বল ঠেলে দেন আবদুল্লাহকে। আলতো প্লেসিং শটে জালে বল জড়িয়ে দেন তিনি।
বাকি সময়টুকুতে আবাহনী বল দখলে আধিপত্য বিস্তার করলেও বলার মতো গোলের সুযোগ তৈরি করতে পারেননি। ইংরেজ মিডফিল্ডার লি টাক, নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা ও সেনেগালের ফরোয়ার্ড কামারার সম্মিলিত প্রয়াসগুলো আরামবাগ বক্সের বিভিন্ন প্রান্তেই শেষ হয়, লক্ষ্যে আর পৌঁছায়নি।
দ্বিতীয়ার্ধে একই ধারা অব্যাহত থাকে। বল আবাহনীর পায়ে কিন্ত গোল হয়নি। ৫৬ মিনিটে মামুন মিয়ার ক্রসে সানডে চিজোবার হেড সাইড পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।
খেলার ৬৬ মিনিটে আবাহনীর বিপদ দ্বিগুণ করেন অধিনায়ক আরিফুল ইসলাম। পাঁচ মিনিটের মধ্যে দুটি হলুদ কার্ড দেখে আবাহনীকে দশ জনের দলে পরিণত করেন আরিফুল। বাম প্রান্ত দিয়ে দ্রুত গতিতে ওপরে ওঠা আরামবাগ ফরোয়ার্ড জাফর ইকবালের জার্সি টেনে ফেলে দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আবাহনী অধিনায়ক।