তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশে বিদ্যুত বিহীন কোন ঘর থাকবে না। ২০২১ সাল নাগাদ দেশের প্রত্যেকটি ঘর বিদ্যুতের আলোয় আলোকিত হবে।
শুক্রবার সন্ধ্যায় নাটোরের সিংড়া উপজেলার সুকাশের আগমুরসন গ্রামে ৯৬টি পরিবারে নতুন সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, এখন বিদ্যুতের দাবিতে রক্ত ঝরে না, কারো প্রাণ যায় না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রুপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে সরকার ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দিতে আন্তরিকতার সঙ্গে কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখসহ আওয়ামী লীগ মনোনীত উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান প্রমুখ।
বিদ্যুতায়ন অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়নের বিএনপি ও বিভিন্ন দল প্রায় থেকে ৩ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। প্রতিমন্ত্রী পলক এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন।