পানামার বিপক্ষে হ্যাটট্রিকের পর লিওনেল মেসিকে 'দানব' বলে উল্লেখ করেছেন পানামার কোচ হের্নান দারিও গোমেস। শনিবার শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে মেসির অসাধারণ হ্যাটট্রিকে পানামাকে ৫-০ গোলে হারায় আর্জেন্টিনা।
এর আগে পিঠের চোটের কারণে চিলির বিপক্ষে খেলতে পারেননি মেসি। পরে কোপা আমেরিকার শতবর্ষী আসরে প্রথমবারের মতো মাঠে নামেন পানামার বিপক্ষে ম্যাচের ৬০তম মিনিটে।
মেসি যখন মাঠে নামেন, তখন নিকোলাস ওতামেন্দির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল আর্জেন্টিনা। মাঠে নামার অষ্টম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন বার্সেলোনা ফরোয়ার্ড। আর ৮৭তম মিনিটে পূর্ণ করেন দেশের হয়ে চতুর্থ হ্যাটট্রিক।
ম্যাচ শেষে গোমেস বলেন, ‘মেসি নামার আগে ম্যাচে কোনো পার্থক্য ছিল না। মেসি একটা দানব। আপনি যদি ভুল করেন আর মেসি কাছে থাকে, এর মূল্য চুকোতে হবে আপনাকে।’