নতুন রুপে বাংলাদেশ প্রিমিয়ার লিগ

প্রিমিয়ার লিগ নিয়মিত আয়োজন করা হলেও এর জৌলুস আগের মতো নেই। তাই একে আরো আকর্ষণীয় করে তুলতে এবং মাঠে দর্শক ফেরাতে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে।
 
ইতোমধ্যে দেশের বিভিন্ন অংশে আয়োজন করতে পাঁচ বছরের জন্য বার্ষিক ৪ কোটি টাকা মোট ২০ কোটি টাকায় বিপিএল-এর স্বত্ব কিনেছে সাইফ গ্লোবাল স্পোর্টস।
 
শনিবার রাজধানীর একটি পাঁচ তারা হোটেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে সাইফ গ্লোবাল স্পোর্টস। নতুন চুক্তি অনুযায়ী ঢাকাসহ সারা দেশের ৬টি ভেন্যুতে প্রিমিয়ার লিগের খেলা অনুষ্ঠিত হবে।
 
বিপিএল-এর ইতিহাসে এটি সর্বোচ্চ স্পন্সরশিপ মানি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে মাঠে গড়াবে ২০১৫-১৬ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। গত বছর ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় এই আসরের প্রধান পৃষ্ঠপোষক ছিল ফ্যাশন হাউজ মান্যবর।
 
লিগে মোট ২২ রাউন্ডের খেলা হবে। সপ্তাহে কমপক্ষে ৬ দিনই থাকবে খেলা। বাফুফে লিগের স্বত্ব বিক্রি করলেও টেকনিক্যাল সাপোর্ট, ম্যাচ কমিশনারসহ ম্যাচ সংক্রান্ত সবকিছুর স্বত্ব থাকছে বাফুফের হাতেই। এবারের লিগের খেলা হবে একটু ভিন্ন পদ্ধতিতে। এক ভেন্যুতে এক রাউন্ডের খেলা হবে। সেখানে ১২ দলই গিয়ে হাজির হবে। তারপর খেলা শেষ হলে তারা অন্য ভেন্যুতে চলে যাবে। এভাবে প্রতিটি ভেন্যুতেই পর্যায়ক্রমে মোট ১৩২টি খেলা হবে। এর মাঝে ১১০টি খেলা হবে ঢাকার বাইরে।
 
মোট সাতটি ভেন্যুকে বিবেচনায় নেয়া হয়েছে।  ভেন্যুগুলো হলো : ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়াম, রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, বরিশাল জেলা স্টেডিয়াম, ময়মনসিংহের জেলা স্টেডিয়াম এবং গোপালগঞ্জের শেখ মনি ফজলুল হক স্টেডিয়াম। প্রথম চারটি স্টেডিয়ামে ফ্লাডলাইট আছে। রাজশাহীতে ফ্লাডলাইট থাকলেও এর সংস্কার কাজ করা হবে। পরে একটি ভেন্যুকে বাদ দেওয়া হবে।