কুমিল্লায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

 
কুমিল্লায় আরিফুল ইসলাম সুজন (১৮) নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে জেলার ব্রাহ্মণপাড়া থানার পাশ্ববর্তী দীর্ঘভূমি গ্রামে দুর্বৃত্তরা সুজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে আহত করে। পরে গভীর রাতে কুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আবু তাহের দর্জির ছেলে। 
 
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ৯টার দিকে স্থানীয় কয়েকজন যুবক সুজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির পাশে ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়কের পাশে তাকে কুপিয়ে আশংকাজনক অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর গভীর রাতে তার মৃত্যু হয়। 
 
নিহত সুজন ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের মোশাররফ হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। 
 
এ বিষয়ে রবিবার সকাল সোয়া ১০টায় ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম বদিউজ্জামান মুঠো ফোনে জানান, হত্যার মোটিভ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে জিজ্ঞাসাবাদের জন্য কামরুল ইসলাম ও জাহানারা বেগম নামের দুইজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমেক মর্গে নেয়া হয়েছে।