গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। রবিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এবং শ্রীপুর উপজেলা নয়নপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা থানার দড়িজয়পুর এলাকার দ্বীন মাহমুদের ছেলে মো. ইলিয়াস (২৪) এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বসন্তেরবাগ গ্রামের নূরুল ইসলামের ছেলে আব্দুর রফিক (৫০)।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, সকাল সাড়ে ৭টার দিকে বোর্ড বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে কারখানায় যাওয়ার সময় দ্রুত গতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, নয়নপুর এলাকায় সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার একটি বাস আব্দুর রফিককে চাপা দেয়। আহত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।