গাইবান্ধার সাত উপজেলায় পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে এক জেএমবি সদস্যসহ বিভিন্ন মামলার ৩৮জন আসামিকে গ্রেফতার করেছে। শনিবার দিবাগত রাত থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার সাত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চকশেবপুর গ্রাম থেকে রবিবার ভোরে মো. আল আমিন (২৫) নামের এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আল আমিন ওই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জসহ জেলার বিভিন্ন থানায় একাধিক নাশকতার অভিযোগ ও মামলা আছে।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার ফারুক আহম্মেদ জানান, পুলিশি হেফাজতে গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।