রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের সঙ্গে হকারদের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হওয়া ১৯০ হকারের জামিন মঞ্জুর করেছে আদালত। শুনানি শেষে রবিবার ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন তাদের জামিনের আদেশ দেয়।
গত বৃহস্পতিবার ও শুক্রবার আহাদ পুলিশ বক্সের বিপরীতে ঢাকা ট্রেড সেন্টার মার্কেটের সামনের ফুটপাতে হকাররা দোকান বসাতে যায়। এ সময় মার্কেটের লোকজন বাধা দেন। এ খবর ফুটপাতের হকার ও মার্কেটের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে শুরু হয় সংঘর্ষ। একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। অনেকে আবার লাঠি হাতে হামলা চালায়।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে আসে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে পুলিশ টিয়ার গ্যাস শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেনসহ চার পুলিশ সদস্য আহত হন।
ওইদিন সেখান থেকে পুলিশ প্রায় দুই শতাধিক হকারকে আটক করেছিল।