মার্সিডিস কাপ থেকে ফেদেরারের বিদায়

পিঠের ইনজুরি থেকে কোর্টে ফিরে জার্মানির মার্সেডিস কাপে অংশ নিয়েছিলেন রজার ফেদেরার।তবে ফাইনালের আগেই ছিটকে পড়তে হলো সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ানকে।
 
স্টুটগার্টে বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনাল ম্যাচে অস্ট্রিয়ার ২২ বছর বয়সী তরুণ ডমিনিক থিয়েমের কাছে হার মানেন ফেদেরার।
 
প্রথম সেটটি অবশ্য ৬-৩ গেমের সহজ জয়ে লিড নেন ১৭ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। কিন্তু, দ্বিতীয় সেটেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখেই পড়তে হয়।
 
দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়ান বিশ্বের সাত নম্বর টেনিস খেলোয়াড় থিয়েম।  তুমুল লড়াইয়ের পর ৬-৬ গেমে সমতা আসলে টাইব্রেকারে (৯-৭) জিতে ফেদেরারকে হতাশা উপহার দেন তিনি। ফাইনাল নির্ধারণী তৃতীয় সেটে তো বাড়তি চমক উপভোগ করেন দর্শকরা।
 
৬-৪ গেমের জয়ে ফেদেরারকে টুর্নামেন্ট থেকেই ছিটকে দেন থিয়েম।