শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনীর ড্র

আইনি ঝামেলার পর অবশেষে চট্টগ্রাম আবাহনীর হয়ে মাঠে ফিরলেন মামুনুল ইসলাম, নাসিরউদ্দিন চৌধূরী, সোহেল রানা। তবে ফেডারেশন কাপে ভালো শুরু পেল না দলটি। শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল।
 
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ‘এ’ গ্রুপে দিনের দ্বিতীয় ম্যাচে দুই দল ১-১ ড্র করে। পঞ্চম মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। প্রথমার্ধের যোগ করা সময়ে ক্যামেরুনের ডিফেন্ডার ইকাঙ্গা শেখ রাসেলকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে কোনো দল গোল না পেলে সমতায় শেষ হয় ম্যাচটি।
 
চট্টগ্রাম আবাহনীর হয়ে এ মৌসুমে প্রথমবারের মতো খেলতে নামেন মামুনুল ইসলাম, নাসির উদ্দিন চৌধুরী, সোহেল রানা, রায়হান হাসান ও ইয়ামিন মুন্না। জামাল ভুঁইয়া ও আলমগীর কবির রানা প্রথমবার খেলতে নামেন শেখ রাসেলের জার্সিতে।