নিজের অসহায়ত্বেই ক্ষুব্ধ ছিলেন সুয়ারেজ

মাঠের মধ্যে প্রতিপক্ষকে কামড়ে বসার দৃশ্য মনে করলেই বোধহয় নাম আসে লুইস সুয়ারেজের। তবে এবার কোপা আমেরিকায় কামড় নয় দিলেন ঘুষি। তবে সেটা প্রতিপক্ষ খেলোয়াড়কে নয় বেঞ্চে বসেই এই ঘুষি মারেন উরুগুয়ের তারকা।
 
তবে কেন এই কাজ করেন এই বার্সা তারকা। তিনি বলেন, দলের হারে হতাশ ও ক্ষুব্ধ ছিলেন তিনি।
 
বেঞ্চে বসে দলের হার দেখা, কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়া; সহ্য করতে পারেননি লুইস সুয়ারেস। ভেনেজুয়েলার কাছে হারের পর ক্ষুব্ধ সুয়ারেস বেঞ্চে মেরে বসলেন ঘুষি। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে উরুগুয়ের এই তারকা ফরোয়ার্ড জানালেন, নিজের অসহায়ত্ব থেকেই এমন আচরণ করেছিলেন তিনি।
 
সুয়ারেসের ওই কাণ্ড নিয়ে অনেক কথা হচ্ছে। অনেকের দাবি, ভেনেজুয়েলার কাছে হেরে কোপা আমেরিকার স্বপ্ন গুঁড়িয়ে যাওয়া ম্যাচে বদলি হিসেবে নামতে না পারার ক্ষোভে ওই কাণ্ড করেন উরুগুয়ে তারকা। তাদের এমন দাবির পেছনে যুক্তি, দ্বিতীয়ার্ধে মাঠে নামার জন্য গা গরম করেছিলেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।
 
তবে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েই যুক্তরাষ্ট্রে যাওয়া এই ফরোয়ার্ড জানালেন, ওই সময় নিজেকে অসহায় মনে হচ্ছিল বলেই আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি।
 
তিনি বলেন, ‘অনেক বিষয় আমি পরিষ্কার করতে চাই, যেটা বলা হচ্ছে, সেটা সত্যি নয়। আমি যেটা দিতে পারি, এমনকি তার ৯০ ভাগ দেওয়ার মতো অবস্থাতেও ছিলাম না। ক্ষোভটা এসেছিল কিছু করতে না পারার অসহায়ত্ব এবং কোপা আমেরিকা থেকে দলের ছিটকে যাওয়াটা দেখা থেকে।’