ধর্মের অপব্যাখ্যা নারী অগ্রগতির অন্যতম অন্তরায়: চুমকি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, 'ধর্মের অপব্যাখ্যা ও কুসংস্কার নারী অগ্রগতির অন্যতম অন্তরায়। এই বিষয়ে জনসাধারণ ও সর্বোপরি কিশোর কিশোরীদের মাঝে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে।'
 
তিনি রবিবার রাজধানীর ইস্কাটনে মহিলা ভবনে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে 'ক্লাবে সংগঠিত করে সমাজের ইতিবাচক পরিবর্তনে কিশোর কিশোরীদের ক্ষমতায়ন' শীর্ষক কার্যক্রমের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
 
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন এনডিসি, অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শাহনেওয়াজ দিলরুবা ও জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাবৃন্দ।
 
মহিলা বিষয়ক অধিদপ্তর কিশোর কিশোরীদের ক্লাবে সংগঠিত করে জীবন দক্ষতার উপাদান, শিশু অধিকার, শিশু পাচার, জন্ম নিবন্ধন, জেন্ডার ভিত্তিক বৈষম্য, নারী অধিকার, বাল্যবিবাহ, বিবাহ নিবন্ধন, যৌতুক, ইভটিজিং, যৌন নির্যাতন ও নিপীড়ন, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, ব্যক্তিগত নিরাপত্তা, আইনি সহায়তা, মাদকাসক্তি, প্রতিবন্ধী, দুর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনা, এইচআইভি/এইডস ইত্যাদি বিষয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করে।
 
উল্লেখ্য, গোপালগঞ্জ, চুয়াডাংগা, ঠাকুরগাঁও, ঝালকাঠী, রাঙ্গামাটি, মৌলভীবাজার, সিরাজগঞ্জের ৪৪ উপজেলার সকল ইউনিয়নে এই ক্লাব পরিচালনা করছে।সারা দেশে এই কার্যক্রম চালু হবে শীগ্রই ।  খবর- বাসস।