বড় জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার সিক্স পর্ব শুরু করলো লিজেন্ডস অব রুপগঞ্জ। রবিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে সুপার সিক্সের প্রথম রাউন্ডের ম্যাচে রুপগঞ্জ ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে মোহামেডান স্পোটিং ক্লাবকে।
এদিন টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে রুপগঞ্জ। মেঘলা আবহাওয়ার কারনে দেরিতে শুরু হওয়া ম্যাচটি ৪৫ ওভারে নির্ধারিত হয়। আগে ব্যাট করে ৮ উইকেটে ২৩২ রান করে রুপগঞ্জ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন ওপেনার মোহাম্মদ মিথুন।
উদ্বোধনী জুটিতে সৌম্য সরকারের সাথে ৯৫ বলে ৮৯ রান যোগ করেন মিথুন। ব্যাট হাতে বড় রানের দেখা পেয়েছেন সৌম্যও। লীগ পর্বে আবাহনীর বিপক্ষে ৮৪ রানের পর ভালো ইনিংস খেলতে পারেননি তিনি। গত পাঁচ ম্যাচে তার সর্বোচ্চ রান ছিলো ২৯। আর আজ ৪৩ বলে ৪০ রান করে আউট হন সৌম্য।
মিডল-অর্ডারে রুপগঞ্জের ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও, লোয়ার-অর্ডারে মাঝারি আকারের ভালো চারটি ইনিংস খেলেন ব্যাটসম্যানরা। সাজ্জাদুল হক ২৪, মোশাররফ হোসেন ৩২, ভারতের পবন নেগি অপরাজিত ১৯ বলে ২৮ ও আলাউদ্দিন বাবু ১৭ রান করেন। মোহামেডানের নাইম ইসলাম লিষ্ট ‘এ’ সেরা বোলিং ৩১ রানে ৪ উইকেট নেন।
জবাবে রুপগঞ্জের বোলারদের বোলিং তোপে ৩১.৫ ওভারে ১২৮ রানেই অলআউট হয়ে যায় মোহামেডান। ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। মাঝে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন হামিদুল ইসলাম ও অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু তাদের সেই প্রতিরোধ ছিলো ৫৭ বল। এসময় ৪৩ রান যোগ করেন তারা। হামিদুল ৩৭ ও মুশফিকুর ৩৪ রানে ফিরে গেলে লজ্জার হারের স্বাদ নেয় মোহামেডান। রুপগঞ্জের বাবু, নাহিদুল ও নেগি ২টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন মিথুন।