সন্তান আলাইনা হাসান অব্রির বয়স সাত মাস হয়েছে। আর এই বয়সে প্রথমবারের মতো নাকি মা ডাক ফুটেছে তার মুখে, এই নিয়ে স্ত্রী শিশিরের সঙ্গে ফেসবুকে খুনসুটিতে মেতেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
শনিবার একটি স্ট্যাটাসে শিশির লিখেন, সবচেয়ে ভালো অনুভূতি হচ্ছে যখন আপনার সন্তান প্রথমবার মা ডাকে এবং বার বার সেটা বলতে থাকে। আর এর জবাবে সাকিব তার ফেসবুক একাউন্ট থেকে সেই পোস্টে কমেন্ট করেন, আমার মনে হয় সে প্রথম বাবা অথবা পাপা বলেছে। স্বামীর এই কথাটি মোটেও পছন্দ হয়নি শিশিরের। তৎক্ষণাৎ পাল্টা কমেন্ট দিয়ে বলেন, কোনো সুযোগ নেই এমনটি হওয়ার, সে প্রথমে মা-ই ডেকেছে। তুমি আমার প্রতি ঈর্ষাবোধ করছো!
তবে যার নামই ডেকে থাকুক না কেন অব্রি, শিশিরের পোস্ট আর সাকিবের কমেন্টে কিন্তু একটি সুখের স্বর্গের অবয়বই ফুটে উঠে।