অস্বাস্থ্যকর সেমাই উৎপাদন, ২ কারখানাকে জরিমানা

অপরিচ্ছন্ন, নোংরা পরিবেশে অবৈধ ও নিম্নমানের ভেজাল সেমাই তৈরির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকালে ঢাকা জেলা প্রশাসন, ৫-এপিবিএন ও বিএসটি আই, এর যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
 
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, কামরাঙ্গীরচরের এস আর ফুড প্রোডাক্টস ও আলী ফুড প্রডাকটস বেনামে নোংরা পরিবেশে সেমাই তৈরি করে আসছে।
 
অভিযানে প্রতিষ্ঠান দুটিতে দেখা যায় ,তারা সেমাই তৈরিতে নিম্নমানের উপাদান ব্যবহার করছে এবং মাটির মেঝেতে কোন ধরনের আচ্ছাদন ব্যাতিরেকে সেমাই প্যাকেটজাত করছে।
 
সেমাইগুলো বিভিন্ন নামে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বাজারজাত করে থাকে। সার্বিক বিবেচনায় প্রত্যেক প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে মালিককে দু মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
 
৫ এপিবিএন এর এএসপি মো. সাইদুর রহমান জানান, প্রতিষ্ঠানদুটিকে দীর্ঘদিন নজরদারি করার পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রায় লক্ষাধিক টাকা মূল্যমানের বিপুল পরিমানে অস্বাস্থ্যকরা সেমাই জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
 
রমজান ও ঈদ উপলক্ষ্যে এ ধরণের প্রতিষ্ঠানগুলোকে কড়া নজরদারির মধ্যে রেখে অভিযান অব্যাহত রাখা হবে। অভিযান শেষে প্রতিষ্ঠানদুটোকে স্বাস্থ্যকর উপায়ে সেমাই প্রস্তুতের প্রয়োজনীয় নির্দেশনা দেন বিএসটিআই ফিল্ড অফিসার খালেদ আহমেদ।