হাওরে নির্মাণাধীন দুটি সেতুর সংযোগ সড়কে ভাঙন

 
বর্ষা মৌসুম শুরু না হতেই উজান থেকে নেমে আসা পানির প্রবল স্রোতে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় হুমকির মুখে পড়েছে কিশোরগঞ্জের হাওর উপজেলার অষ্টগ্রামে নির্মাণাধীন দুটি সেতুর সংযোগ সড়ক।
 
গত কয়েকদিন ধরে একটানা পানির প্রবাহ বৃদ্ধি এবং অস্বাভাবিক গতির কারণে এরই মধ্যে ধসে গেছে উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর নদীর উপর নির্মাণাধীন তিনশত ফুট দীর্ঘ সেতুর পূর্ব পাশের ত্রিশ ফুট সংযোগ সড়ক। ক্ষতিগ্রস্ত স্থানটিতে বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় মূল সড়ক থেকে সেতুটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া এর মাত্র এক কিলোমিটার দূরে কারলান নদীর উপর নির্মাণাধীন আরেকটি সেতুর সংযোগ সড়কেও ভাঙন দেখা দিয়েছে। এতে ধসে পড়ছে বোল্ডার ও সড়কের মাটি। গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গেলে এ দৃশ্য চোখে পড়ে।
 
কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, ২০১৪ সালের শেষ দিকে দুর্গম হাওরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাজিতপুর উপজেলার উজানচর থেকে অষ্টগ্রাম পর্যন্ত তিনটি সেতুসহ ৩৭ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু হয়। ব্যায় ধরা হয় ৩৫ কোটি ২৪ লাখ টাকা। চলতি বছরের ৩০ জুন এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা কঠিন হয়ে পড়ছে। ক্ষতিগ্রস্ত অংশে কংক্রিটের বোল্ডার, বালুর বস্তা ও গাছের ডাল-পালা ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠিকাদারী প্রতিষ্ঠানসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
 
এ বিষয়ে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ভাঙন ঠেকাতে সিমেন্টের ব্লক ও বালুর বস্তা ফেলে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে। তবে সমস্যার স্থায়ী সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করে নদী খনন ও নদী শাসন কার্যক্রম গ্রহণ করা হবে।