সাত খুন: ২ র‌্যাব সদস্যের সাক্ষ্য গ্রহণ

নারায়ণগঞ্জের সাত খুন মামলায় দুই র‌্যাব সদস্যের সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হয়েছে। 
 
আজ সোমবার সকালে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে প্রধান আসামি নূর হোসেন ও র‌্যাবের প্রাক্তন তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা ও মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ ও জেরা শুরু হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুইজনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে আদালত আগামী ২০ জুন অন্যদের সাক্ষ্য গ্রহণ ও জেরার তারিখ ধার্য করেন ।
 
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।