গাইবান্ধায় জেএমবি সদস্যসহ গ্রেফতার ৩৩

গাইবান্ধায় জেএমবির এক সদস্য ও বিএনপি-জামায়াতের তিন নেতা-কর্মীসহ ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ জানান, গ্রেফতারদের মধ্যে জেএমবির সদস্য মো. আতিকুর রহমান (২৫), নাশকতা মামলার আসামি পলাশবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল আলা মওদুদ (৪৫) ও সাদুল্লাপুর এবং সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াতের দুই কর্মী রয়েছেন।
 
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, সোমবার ভোরে উপজেলার শান্তিরাম গ্রাম থেকে আতিকুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে জঙ্গি তৎপরতার অভিযোগে সুন্দরগঞ্জ থানায় মামলা রয়েছে।