মারের সঙ্গে টেনিস কোর্টে বেকহাম জুনিয়র!

বাবা বিখ্যাত ফুটবলার। কিন্তু ছেলে খেলছেন টেনিস। তাও আবার ব্রিটিশ তারকা অ্যান্ডি মারের সঙ্গে। তবে ঘটনা সেরকম নয়।
 
ইংলিশ ফুটবলার ডেভিড বেকহামের ছেলে রোমিও বেকহামকে সবাই ফুটবল মাঠে প্রত্যাশা করতেই পারেন। বছরের তৃতীয় গ্র্যান্ড উইম্বলডন (২৭ জুন শুরু) সামনে রেখে ঘাসের কোর্টে প্রস্তুতি নিচ্ছেন মারে। লন্ডনের কুইন্স ক্লাবে প্রস্তুতির সময় মারের সঙ্গে দেখা করে তাকে অভিবাদন জানান বেকহাম জুনিয়র ও তার বাবা।
 
বেকহাম খুবই আগ্রহী হয়ে ওঠেন, দর্শক ভূমিকায় থেকে ব্রিটিশ নাম্বার ওয়ানের বিপক্ষে ছেলে রোমিওর টেনিস উপভোগ করবেন। হলোও তাই। মারের প্র্যাকটিস সেশনের পূর্বে দু’জন একে অপরের বিপক্ষে কিছুক্ষণের জন্য টেনিসে মেতে ওঠেন।
 
অস্ট্রেলিয়ান টেনিস ‍তারকা নিক কিরগিয়াসের সঙ্গেও ক্যামেরাবন্দি হন বেকহাম ও রোমিও। তিনজনের হাস্যোজ্জ্বল ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন কিরগিয়াস।