রাজধানীতে বউয়ের উপর অভিমান করে ২ স্বামীর আত্মহত্যা

 
রাজধানীর কল্যাণপুর ও উত্তরখানে দুইজন ব্যক্তি তাদের স্ত্রীর উপর অভিমান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই দু’জন হলেন— সুমন মিয়া (২৮) ও ইব্রাহিম খলিল (২৮)।
 
সোমবার সকালে পুলিশ নিহতদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
 
মিরপুর থানা পুলিশ জানায়, মিরপুরের কল্যাণপুরের একটি টিনশেড বাসায় সুমন মিয়া ও তার স্ত্রী সুরমা ভাড়া থাকতেন। সুরমা দুই-তিন দিন আগে সুমনের সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে তার বাবার বাসায় চলে যায়। এরপর থেকে সুমন ওই বাসায় একাই থাকতেন। প্রতিবেশিরা সকালে দেখে তার বাসায় কোনো সাড়াশব্দ নেই। পরে জানালা দিয়ে দেখে সে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলে আছে। প্রতিবেশিরা থানায় খবর দিলে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ওই বাসা থেকে সুমনের লাশ উদ্ধার করে। নিহত সুমন মিয়া বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি গ্রামের আয়ুব আলীর ছেলে বলে জানা গেছে।
 
এছাড়া, রাজধানীর উত্তরখানের ফৌজিরবাতান এলাকার ৭ নম্বর রোডের একটি বাসা থেকে ইব্রাহিম খলিলের লাশ উদ্ধার করে উত্তর খান থানা পুলিশ। তিনি চাঁদপুর জেলার মতলব উপজেলার মোস্তফা চৌধুরীর ছেলে। উত্তরখান থানার পুলিশ জানায়, গত ৬-৭ মাস আগে নিশি আক্তার নামে এক মেয়ের সঙ্গে তার বিয়ে হয়। কয়েকদিন আগে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে স্ত্রী তাকে রেখে বাবার বাড়িতে চলে যান। ধারণা করা হচ্ছে এসব কারণে অভিমানে তিনি আত্মহত্যা করতে পারেন।