ফেনী কোর্ট হাজতে আসামির সঙ্গে দেখা করতে গিয়ে মাদক দেয়ার সময় শিক্ষানবীশ এক আইনজীবীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, ফেনী কোর্ট হাজতে সোমবার দুপুরে আসামির সঙ্গে দেখা করতে যান ফখরুল ইসলাম নামে শিক্ষানবীশ এক আইনজীবী ও ওমর ফারুক নামে এক যুবক। এ সময় তারা ফেনী কোর্ট হাজতে থাকা আসামিকে একটি সিগারেটের প্যাকেট দেয়ার সময় পুলিশের সন্দেহ হলে তারা প্যাকেটটি নিয়ে নেয়। তখন প্যাকেটটি খুলে দেখতে পায় ভিতরে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা খাওয়ার সরঞ্জাম ও গাঁজা রয়েছে। তখন পুলিশ তাদের দুজনকে আটক করে প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যায়। সেখানে আটককৃতরা দোষ স্বীকার না করলে পুলিশ তাদের থানায় নিয়ে এসে মাদক আইনে মামলা দেন।
ফেনী কোর্ট ইন্সপেক্টর মো. আরিফ ইকবাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কোর্ট হাজতে আসামির সঙ্গে দেখা করতে গিয়ে মাদক দেয়ার সময় শিক্ষানবীশ এক আইনজীবীসহ ২ জনকে আটক করেছে পুলিশ।