ফেডারেশন কাপে তারকায় ভরা চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে দিলো মুক্তিযোদ্ধা ক্রীড়া সংঘ। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত 'বি' গ্রুপের খেলায় মুক্তিযোদ্ধা ১-০ গোলে হারিয়ে দিয়েছে স্বাধীনতা কাপ চ্যাম্পিয়নদের।
বড় বাজেটের দল গড়ে স্বাধীনতা কাপে সফলতা পেলেও ফেডারেশন কাপে এসে হোঁচট খেল চট্টগ্রাম আবাহনী। এর আগে প্রথম ম্যাচে শেখ রাসেলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল চ. আবাহনী। মুক্তিযোদ্ধার বিপক্ষে হেরে যাওয়ায় ফেডারেশন কাপ থেকে তাদের বিদায় অনেকটা নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে কোয়ার্টার নিশ্চিত করেছে মুক্তিযোদ্ধা।
সোমবার খেলার ১১ মিনিটেই আক্রমণ করে মুক্তিযোদ্ধা। দুই নাইজেরিয়ান সাইমন উদজিউকা ও আহমেদ কোলো মুসার সমন্বিত আক্রমণ ছিল এটি। সাইমনের ক্রসে হেড করেন কোলো মুসা। চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক আশরাফুল ইসরাম রানা পাঞ্চ করে কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন।
প্রথমার্ধের শেষ দিকে অধিনায়ক মামুনুল ইসলামের ৩০ গজের দূরপাল্লার শট শেষ মুহূর্তে গ্লাভসবন্দি করেন মুক্তিযোদ্ধা গোলরক্ষক মামুন মিয়া।
খেলার ৮২ মিনিটে জয়সূচক গোলটি করেন মুক্তিযোদ্ধার বদলী ফরোয়ার্ড মো. রবিন। মাঝমাঠ থেকে সম্মিলিত আক্রমণ ঠেকাতে এগিয়ে এসেছিলেন গোলরক্ষক রানা। রবিন ম্যাচে তার প্রথম ছোঁয়ায় বল রানার পাশ দিয়ে প্লেস করেন গোল অভিমুখে। একজন ডিফেন্ডারের প্রাণান্তকর চেষ্টার পরও বল অতিক্রম করে গোললাইন।
চাপ সৃষ্টি করে ৯০ মিনিটে একটি পেনাল্টি আদায় করে নেয় চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয়ার্ধে মাঠে নামা লিওনেল প্রিউক্সকে বক্সের ভেতর ফাউল করেন নাইজেরিয়ান ডিফেন্ডার সাইমন। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মরক্কোর মিডফিল্ডার তারিক আর জানাবি। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় চট্টগ্রাম আবাহনীকে।