দুই মহানায়কের প্রথম ঠিকানা ছাত্রলীগ : ওমর ফারুক

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণপ্রিয় সংগঠন হলো ছাত্রলীগ। ছাত্রলীগের মাধ্যমে তিনি বিকশিত হয়েছেন। মানব কল্যাণে ব্রত হয়েছেন, হয়েছেন বাঙালির পথদ্রষ্টা। জাতির পিতা সব সময় বলতেন ‘বাঙালির মুক্তির ইতিহাস আর ছাত্রলীগের ইতিহাস সমার্থক, সমান্তরাল।’
 
একইভাবে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার রাজনৈতিক জীবনের হাতেখড়ি ছাত্রলীগের মাধ্যমেই। ছাত্রলীগের মাধ্যমেই তিনি জাতির পিতার আদর্শকে হৃদয়ে ধারণ করেছেন। শেখ হাসিনা এই আদর্শের বীজকে মহীরুহ বৃক্ষে রূপ দিয়েছেন। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার রাষ্ট্রদর্শন জনগণের ক্ষমতায়ন। যে রাষ্ট্রদর্শন আজ জাতিসংঘ সর্বসম্মতভাবে বিশ্বশান্তির মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে।
 
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলানায়তনে ছাত্রলীগ আয়োজিত বর্ধিত সভা ও কর্মশালায় অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
ওমর ফারুক চৌধুরী বলেন, বাংলাদেশের দুই মহানায়কের প্রথম ঠিকানা ছাত্রলীগ। একজন বাংলাদেশের জন্মদাতা। বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, তাকে বাস্তবে রূপায়িত করেছেন মহান মুক্তি সংগ্রামের মধ্যে দিয়ে, আমাদের জাতির পিতা, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি। অন্যজন, জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’বিনির্মাণের সফল কারিগর। ‘জনগণের ক্ষমতায়ন’ রাষ্ট্রদর্শণের মাধ্যমে যিনি আজ বাংলাদেশকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। তাই এরকম একটি সংগঠনের একজন কর্মী হতে পারা বিরাট গৌরবের। যেখানে যতো গৌরব, সেখানে ততো দায়িত্ব। ছাত্রলীগের প্রতিটি কর্মীর দায়িত্ব বোধ থাকতে হবে। এই দায়িত্ব বোধ জাতির পিতার জীবন থেকে উৎসারিত, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ‘জনগণের ক্ষমতায়ন থেকে বিকশিত।
 
তিনি আরও বলেন, শুধু মানুষের প্রতি ভালবাসা থাকলে একজন ছাত্রলীগ কর্মী জঙ্গিবাদকে ঘৃনা করবে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তারা চাঁদাবাজি, টেন্ডারবাজির মতো অনৈতিক কাজকে ঘৃনা করবে। মানুষের প্রতি ভালবাসা থাকলেই একজন ছাত্র সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলবে।
 
বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন পরিচালনায় আরো বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ।